ঢাকাSunday , 27 September 2026
আজকের সর্বশেষ সবখবর

উলিপুরে সেতু দেবে যাওয়ায় চলাচলে চরম দুর্ভোগ

অপরাধ আজকাল
October 21, 2025 9:04 am 👁️ 1,653 বার পড়া হয়েছে
Link Copied!

কুড়িগ্রামের উলিপুরে গাঙ্গারাম খালে নির্মাণ করা সেতু গত পাঁচই অক্টোবর অতি বৃষ্টির ফলে প্রায় ৫ থেকে ৬ ফুট দেবে যাওয়ায় চলাচলে চরম দুর্ভোগে পড়েছে এলাকাবাসী।

উপজেলার ধরনিবাড়ী ইউনিয়নের রুপার খামার এলাকার ওই সেতু দিয়ে ধরনিবাড়ী, পান্ডুল,দুর্গাপুর ও বুড়াবুড়ি ইউনিয়নের শিক্ষার্থীসহ প্রায় ৩০ গ্রামের ৫০ হাজার মানুষ যাতায়াত করে থাকে বলে এলাকার লোকজন জানিয়েছেন।

অতি সম্প্রতি ভারী বৃষ্টিপাতের ফলে সেতুটির সংযোগ সড়কের মাথায় উইং ওয়ালের মাটি সরে গিয়ে গভীর গর্তের সৃষ্টি করে।এ অবস্থায় সেতুর তলেদেশ দিয়ে পানি প্রবাহ শুরু হলে সেতুটি দেবে যায়।

সরেজমিনে গত শুক্রবার গিয়ে দেখা যায়, দেবে যাওয়া সেতুর নীচ দিয়ে পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় এলাকাবাসী লাঠি দিয়ে সেতুর নীচের মাটি ও আটকে যাওয়া আবর্জনা সরিয়ে পানি প্রবাহ স্বাভাবিক করার চেষ্টা করছে। ধরনিবাড়ি ইউনিয়নের রুপার খামার এলাকায় মিনাবাজার হইতে মাঝবিলগামী ওই রাস্তায় মোহাম্মদ আলী মাষ্টারের বাড়ির পূর্বে গাঙ্গারাম নদের ওপর প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে ২০১২ সালে সেতুটি নির্মাণ করে ত্রাণ ও পূণর্বাসন অধিদপ্তর।

এলাকাবাসী জানায়, সম্প্রতি গাঙ্গারাম নদটি পূণঃ খনন করায় সেতুটির সংযোগ সড়কের মাথায় উইংওয়ালের মাটি সরে গিয়ে গভীর গর্তের সৃষ্টি হয়। এতেকরে সেতুটির সামান্য অংশ গত বছর দেবে যায় । এরপর ঐ সামন্য দেবে যাওয়া সেতু দিয়েই ঝুকি নিয়ে এলাকার লোকজন যাতায়াত করছিল।

চলতি মাসের প্রথম সপ্তাহে অতি বৃষ্টিপাতের সময় সেতুর তলেদেশ দিয়ে পানি প্রবাহ শুরু হতেই সেতুর দুই পাশের সংযোগ সড়কের মাটি ধ্বসে পড়ে এবং হঠাৎ করেই সেতুটির সম্পূর্ণ অংশ দেবে যায়। ফলে

উল্লেখিত ইউনিয়নের যানবাহনসহ মানুষের চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। বিপাকে পড়ে ওইসব এলাকার বিভিন্ন পেশার মানুষ ও শিক্ষার্থীরা। ধরনিবাড়ি ইউনিয়নের রুপার খামার জামে মসজিদের ইমাম আব্দুর দাইয়ান (৩৮) জানান, আমি প্রতি সপ্তাহে এই সেতুর উপর দিয়ে বাইক চালিয়ে মসজিদে জুম্মার নামাজ পড়াতে যাই। গত সপ্তাহেও এ সেতুর

উপর দিয়ে বাইক চালিয়ে গিয়েছি। আজ এসে দেখি সেতুটি দেবে গেছে। সেতুর কাছে এলাকাবাসী না থাকলে বাইক রেখে গিয়ে আজ জুম্মার নামাজ পড়াতে পারতাম না। সেতুর এ অবস্থায় চরম ভোগান্তিতে পড়তে হবে পথচারীদের। এখানে দ্রুত বিকল্প ব্যাবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু দৃষ্টি কামনা করেছেন তিনি।

রুপার খামারের রফিকুল ইসলাম, আলম মিয়াসহ অনেক মুসুল্লিরা বলেন, গঙ্গারাম নদের সংস্কার করায় সেতুটির দুই পাশে ও মাঝখানের মাটি সরে গিয়ে এই ঘটনার সৃষ্টি হয়েছে। আইনুল ইসলাম ও রহিমা বেগম বলেন, সেতুর পূর্ব ও পশ্চিমে রুপারখামার, বাড়াইপাড়া, হাজী পাড়া, জানজায়গীর, মধুপুর দালালীপাড়া, নেললিপাড়া, কামালখামার ও কেততির পাড়সহ প্রায় ৩০টি গ্রামের ৫০ হাজার মানুষ এই সেতুর ওপর দিয়ে চলাচল করে।

এ ছাড়া সেতুর দুই পাশেই রয়েছে, জানজায়গীর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডুংডুংগি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেডিএবি উচ্চ বিদ্যালয়, লতিফ রাজিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা, পানাউল্লাহ আলিয়া মাদ্রাসা, কামাল খামার আলিম মাদ্রাসাসহ ৪টি হাফেজি মাদ্রাসা। এসব শিক্ষার্থী ওই সেতুর ওপর দিয়েই চলাচল করে।

লতিফ রাজিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার আকসানুল ইসলাম (৯ম শ্রেণী), রাকিবুল ইসলাম (৭ম শ্রেণী) ও রুপারখামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রহিমা খাতুন (৫ম শ্রেণী), সামিউল ইসলামসহ (৪র্থ শ্রেণী) আরও অনেক শিক্ষার্থীরা জানায়, সেতুটি দেবে যাওয়ায় আমরা অনেক কষ্ট ও ঝুঁকি নিয়ে প্রতিষ্ঠানে যাতায়াত করছি।

আমাদের বাড়ি থেকে বিদ্যালয়ের দুরুত্ব অনেক বেশি হওয়ায় অটোরিকশা ও সাইকেলে যাতায়াত করতে না পারায় অনেক কষ্ট হচ্ছে। বর্তমানে ওই সেতুর উপর দিয়ে যান চলাচল একেবারেই বন্ধ হয়ে গেছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা  খন্দকার মো. ফিজানুর রহমান জানান, বিষয়টি শোনার পরই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পরিদর্শন করে দ্রুতই বিকল্প ব্যবস্থা নেওয়া হবে। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা জানান, জনগণের দুর্ভোগ লাঘবে দ্রুত বিকল্প ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।