ঢাকাSunday , 27 September 2026
আজকের সর্বশেষ সবখবর

৪৫ বছরেও পরিশোধ হয়নি কর, আওয়ামী লীগ অফিসের বকেয়া ১ কোটি ১৬ লাখ টাকা

অপরাধ আজকাল
June 3, 2026 8:00 pm 👁️ 716 বার পড়া হয়েছে
Link Copied!

রাজধানীতে অবস্থিত বাংলাদেশ আওয়ামী লীগের দুটি কার্যালয়ের বিপুল পরিমাণ হোল্ডিং ট্যাক্স বছরের পর বছর বকেয়া রয়েছে। এর মধ্যে গুলিস্তানের কেন্দ্রীয় কার্যালয়ের হোল্ডিং ট্যাক্স প্রায় ৪৫ বছর এবং ধানমন্ডি ৩/এ নম্বরের দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ের ট্যাক্স প্রায় ২৩ বছর ধরে পরিশোধ করা হয়নি। দুই কার্যালয় মিলিয়ে মোট বকেয়া দাঁড়িয়েছে ১ কোটি ১৬ লাখ ৮৬ হাজার ৪৮১ টাকা।

সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনায় দেখা যায়, রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ১৯৮১ সাল থেকে দলটির প্রধান কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ২০১৬ সালে সেখানে নতুন বহুতল ভবনের নির্মাণকাজ শুরু হয় এবং ২০১৮ সালের ২৩ জুন ভবনটির উদ্বোধন করা হয়।

নথি অনুযায়ী, কেন্দ্রীয় কার্যালয়ের জন্য বরাদ্দকৃত জমিতে নির্মিত নতুন ও পুরোনো ভবন মিলিয়ে বর্তমানে ৮৬ লাখ ৮৬ হাজার টাকা হোল্ডিং ট্যাক্স বকেয়া রয়েছে।

এ ছাড়া বরাদ্দের শর্ত অনুযায়ী নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করার কথা থাকলেও সংশ্লিষ্ট ভূমি অফিস সূত্রে জানা গেছে, জমিটির ভূমি উন্নয়ন কর সর্বশেষ ২০১৮ সাল পর্যন্ত পরিশোধ করা হয়েছে। এরপর থেকে আর কোনো ভূমি কর জমা দেওয়া হয়নি বলে তথ্য পাওয়া গেছে।

আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ রাজনৈতিক কার্যালয় হিসেবে পরিচিত ধানমন্ডি ৩/এ নম্বরের কার্যালয় কমপ্লেক্সে তিনটি ভবন রয়েছে। সংশ্লিষ্ট নথি অনুযায়ী, এই তিন ভবনের বিপরীতে ৩০ লাখ ৪৮১ টাকা হোল্ডিং ট্যাক্স বকেয়া রয়েছে।

সিটি করপোরেশনের একাধিক কর্মকর্তা জানান, আওয়ামী লীগ সরকারের সময় দলটির প্রভাবশালী নেতাদের কারণে বকেয়া কর আদায়ে কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব হয়নি। সাবেক মেয়র সাঈদ খোকনের আমলে এক কর্মকর্তা ধানমন্ডি কার্যালয়ের বকেয়া কর আদায়ের জন্য নোটিশ জারি করলে তিনি প্রশাসনিক চাপের মুখে পড়েন বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে আর কোনো কর্মকর্তা বিষয়টি নিয়ে সক্রিয় হননি।

এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, “হোল্ডিং ট্যাক্স আদায়ে করপোরেশনের প্রচলিত বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

অন্যদিকে ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম সাংবাদিকদের বলেন, “নথিপত্র পর্যালোচনা না করে নির্দিষ্ট মন্তব্য করা সম্ভব নয়। তবে যদি দেখা যায় যে বরাদ্দের শর্ত অনুযায়ী দীর্ঘদিন ভূমি কর বা অন্যান্য কর পরিশোধ করা হয়নি, তাহলে ভূমি ব্যবস্থাপনা আইনের আওতায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।