নিজস্ব প্রতিবেদক :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাভারে সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) সকালে সাভার সদর ইউনিয়নের দেওগাঁও এলাকায় এই উপহার সামগ্রী বিতরণ করেন সাভার থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহম্মেদ শাহীন।
ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এলাকার প্রায় ২ শতাধিক পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল ১ কেজি পোলাউ চাল, ১টি মুরগি, ১ প্যাকেট সেমাইসহ অন্যান্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য।
এ সময় ইমতিয়াজ আহম্মেদ শাহীন বলেন, “ঈদ আনন্দ ও সম্প্রীতির উৎসব। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে আমাদের এ ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতেও মানুষের পাশে থেকে মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, “সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসা উচিত, যাতে কেউ ঈদের আনন্দ থেকে বঞ্চিত না থাকে।”
উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাভার থানা কৃষক দলের সদস্য সচিব মোঃ রবিন হোসেন, বিশিষ্ট সমাজসেবক মোঃ আল মনসুর রবি, মোঃ ওবায়দুর রহমান বাবু ও জাহাঙ্গীর হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন সাভার থানা স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ নাদিম, সমাজসেবক মোঃ স্বপন পাঠান, আনোয়ার পারভেজ এবং সাভার ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাহাত হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ ধরনের মানবিক উদ্যোগকে এলাকাবাসী স্বাগত জানিয়ে বলেন, এতে করে ঈদের আগে অসহায় পরিবারগুলো কিছুটা স্বস্তি ও আনন্দ ফিরে পাবে।

