কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই দৈনিক বঙ্গসংবাদ পত্রিকার পরিচয়পত্র (আইডি কার্ড) অবৈধভাবে প্রিন্ট ও বিতরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পল্টন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, বঙ্গসংবাদ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদকের অজান্তে ও অনুমতি ছাড়াই সম্প্রতি বিভিন্ন ব্যক্তির কাছে পত্রিকাটির আইডি কার্ড বিতরণ করা হচ্ছে। বিষয়টি জানতে পেরে নতুন করে আইডি কার্ড প্রিন্ট করার উদ্দেশ্যে ঢাকার একটি প্রিন্টিং প্রতিষ্ঠানে যোগাযোগ করা হলে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে।
প্রিন্টিং দোকানের সূত্র জানায়, ফকিরাপুল এলাকার একটি কার্ড প্রিন্টিং দোকান থেকে ‘আশরাফ’ নামের এক ব্যক্তি (মোবাইল নম্বর প্রকাশ করা হয়নি) বঙ্গসংবাদ পত্রিকার আইডি কার্ড প্রিন্ট করিয়েছেন। এ বিষয়ে তার মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
ব্যবস্থাপনা সম্পাদক অভিযোগে উল্লেখ করেন, এ ধরনের অবৈধ কর্মকাণ্ডে পত্রিকাটির সুনাম ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হওয়ার আশঙ্কা রয়েছে। তিনি ধারণা করছেন, এ ঘটনার সঙ্গে আরও একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে।
এ বিষয়ে পল্টন থানার অফিসার ইনচার্জ বরাবর দেওয়া লিখিত অভিযোগে অবৈধভাবে আইডি কার্ড প্রিন্ট ও বিতরণের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা, কারা কারা এসব কার্ড ব্যবহার করছে তাদের তালিকা প্রস্তুত করা এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
ঘটনাটি সুষ্ঠুভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছে বঙ্গসংবাদ পত্রিকা কর্তৃপক্ষ।

