সাভারের বিরুলিয়ার সাদুল্লাপুর এলাকায় ‘দখিনা সিটি’ নামে একটি আবাসন প্রকল্প গড়ে তুলতে সরকারি খাল ভরাট ও খালের দিক পরিবর্তনের অভিযোগ উঠেছে। পাশাপাশি স্থানীয়দের জায়গা দখল, ভয়ভীতি দেখিয়ে কম দামে জমি কেনা এবং বসতভিটার মাটি কেটে প্রকল্পের নিচু জমি ভরাটে ব্যবহার করার অভিযোগও করেছেন এলাকাবাসী।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বসবাসরত মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। কোথাও কোথাও যাতায়াতের রাস্তা বন্ধ হয়ে গেছে। বসতভিটার মাটি কেটে নেওয়ায় বাড়িঘর ঝুঁকির মুখে পড়েছে বলে অভিযোগ তাদের। এক ভুক্তভোগী বাসিন্দা বলেন, “দখিনা সিটি আমাদের অনেক অসুবিধা করতেছে। আমরা অনেক অসহায়ভাবে এখানে আছি।
https://www.facebook.com/share/v/14RQwJVk8Qt/
গ্রামে কিছু বাসিন্দা রয়েছি, আমাদের খুব অত্যাচার করতেছে। জায়গা-জমি এমনিতেই নিয়ে যাচ্ছে, যাওয়ার রাস্তা পাচ্ছিনা। গ্রামের মানুষ আমরা শান্তি পাচ্ছিনা, শান্তি চাই।” আরেক বাসিন্দার অভিযোগ, “আমরা অনেক বছর ধরে এখানে থাকতেছি।
দখিনা সিটির মানুষ এখান থেকে বাড়িঘর কেটে নিয়ে যাচ্ছে। বাচ্চা-কাচ্চা নিয়ে আমাদের অনেক সমস্যা হচ্ছে। মাটি কেটে নিয়ে যাচ্ছে, বাড়ি থেকে বের হওয়ার রাস্তা থাকবেনা, বাড়িও ভেঙে যাবে।” স্থানীয়দের দাবি, সরকারি খাল ভরাট ও দিক পরিবর্তনের ফলে জলাবদ্ধতার ঝুঁকি বেড়েছে। বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন ব্যাহত হলে আশপাশের বসতবাড়ি ও কৃষিজমি ক্ষতিগ্রস্ত হতে পারে।
তারা অবিলম্বে খাল আগের অবস্থায় ফিরিয়ে আনা এবং দখল বন্ধের দাবি জানান। এ বিষয়ে সংশ্লিষ্ট আবাসন প্রকল্প কর্তৃপক্ষের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বাসিন্দারা দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

