ঢাকাSunday , 27 September 2026
আজকের সর্বশেষ সবখবর

দেখামাত্র সন্ত্রাসীদের গুলির নির্দেশ সিএমপি কমিশনারের

অপরাধ আজকাল
November 11, 2025 6:07 pm 👁️ 589 বার পড়া হয়েছে
Link Copied!

আগ্নেয়াস্ত্র বহনকারী এবং অস্ত্রধারী সন্ত্রাসীদের দেখামাত্র এবার ব্রাশফায়ার করে হত্যার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ। 

মঙ্গলবার দুপুরে ওয়্যারলেস সেটে সিএমপির সব সদস্যদের উদ্দেশে দেওয়া এক মৌখিক আদেশে তিনি টহল ও থানা পুলিশকে একযোগে এ নির্দেশনা দেন। রাতে সিএমপি কমিশনার বিষয়টি নিশ্চিত করেছেন।

সিএমপি কমিশনার হাসিব আজিজ গণমাধ্যমকে বলেন, অস্ত্রধারী সন্ত্রাসী-অপরাধী আবার চট্টগ্রামকে অন্ধকার জাহেলিয়াতের যুগে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছে। এটা আমরা হতে দেব না। তার জন্য অস্ত্রধারী সন্ত্রাসী কয়েকটাকে যদি মেরে ফেলতে হয়, মেরে ফেলব; কিন্তু অন্ধকারের যুগে, জাহেলিয়াতের যুগে, চট্টগ্রামকে আর ফিরতে দেওয়া হবে না। সন্ত্রাসের অভয়ারণ্যে চট্টগ্রাম আবার পরিণত হবে না। এটাই আমার নির্দেশ। এজন্য যা যা করণীয় আমরা সবই করব।

সূত্র জানায়, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা থেকে ১টা পর্যন্ত কয়েক দফায় সিএমপি কমিশনার বেতার বার্তায় নির্দেশনা দেন। যেখানে সিএমপি কমিশনার বলেছেন- ‘শটগান হবে না, চায়না রাইফেলও বাদ, এখন এসএমজি ব্রাশফায়ার মুডে থাকবে।’

বেতার বার্তায় যেকোনো পরিস্থিতি এবং নাশকতা এড়াতে টহল টিমগুলোকে এসএমজি ছাড়াও শিশা শটগান, দুইটি গ্যাসগান এবং টিম ইনচার্জকে নাইন এমএম পিস্তল বহন করতে বলা হয়েছে। এছাড়া স্থায়ী চেকপোস্ট ৭টি থেকে বাড়িয়ে ১৩টি করতে আদেশ দিয়েছেন কমিশনার।

বার্তায় পুলিশ সদস্যদের দণ্ডবিধি ৯৬ থেকে ১০৬ পর্যন্ত, আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার সব পুলিশ অফিসারের আছে বলে আবারও মনে করিয়ে দিয়েছেন পুলিশ কমিশনার এবং সব দায় কমিশনার বহন করবেন বলে জানান।

গত ৫ নভেম্বর নগরীর বায়োজিদ বোস্তামী থানার চালিতাতলীর খন্দকারপাড়া এলাকায় চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর জনসংযোগ চলাকালে সন্ত্রাসীদের গুলিতে মারা যান সিএমপির তালিকাভুক্ত আরেক সন্ত্রাসী সরোয়ার হোসেন বাবলা। একই ঘটনায় গুলিতে আহত হন এরশাদ উল্লাহ নিজেও। এর পরদিন আবার একই এলাকায় গুলিতে আরও একজন আহত হন। এসব ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এর জেরেই সিএমপি কমিশনার মঙ্গলবার এমন কঠোর নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে।

এর আগে গত ১৩ আগস্ট আওয়ামী লীগের মিছিলকে কেন্দ্র করে অভিযানে যাওয়া বন্দর থানার এক পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে আহত করা হয়েছিল। ওই ঘটনায় পুলিশের কোনো টহল দল কিংবা পুলিশি অভিযানের সময় কেউ অস্ত্র বের করলে আত্মরক্ষায় দেখামাত্র গুলির নির্দেশ দিয়েছিলেন সিএমপি কমিশনার।

যদিও ওই বেতার বার্তা ফাঁস হওয়ার ঘটনায় অমি দাশ নামে এক পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছিল। পরে সিএমপি কমিশনারের বেতার বার্তা ‘বিনা অনুমতিতে’ ভিডিও রেকর্ড করা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে অমি দাশের বিরুদ্ধে মামলা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।