ঢাকাSunday , 27 September 2026
আজকের সর্বশেষ সবখবর

দীর্ঘ বিরতির পর খুলল সেন্টমার্টিন, তবে জাহাজ চলাচলে অনিশ্চয়তা

জেলা প্রতিনিধি
November 1, 2025 5:46 am 👁️ 1,105 বার পড়া হয়েছে
Link Copied!

প্রায় নয় মাস পর আজ (শনিবার) থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিন। তবে দ্বীপ খোলার প্রথম দিনেই দেখা দিয়েছে ভ্রমণ অনিশ্চয়তা।

জাহাজ পরিচালনাকারীরা জানিয়েছেন, আপাতত তারা সেন্টমার্টিনের উদ্দেশ্যে কোনো জাহাজ চালাবেন না।

সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানান, পর্যটন বোর্ডের সফটওয়্যার চালু না হওয়া এবং পরিবেশ মন্ত্রণালয়ের কঠোর নির্দেশনার কারণে পর্যটক সংকটের আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, নভেম্বর মাসে কেবল দিনে গিয়ে দিনে ফেরার শর্তে সেন্টমার্টিন ভ্রমণ করা যাবে। জাহাজ মালিকদের মতে, এই সীমাবদ্ধতার কারণে পর্যাপ্ত পর্যটক পাওয়া সম্ভব হবে না।

তবে তারা আশা করছেন, ডিসেম্বর ও জানুয়ারিতে পরিস্থিতি বুঝে জাহাজ চালুর প্রস্তুতি নেওয়া হবে।

 

নতুন নিয়ম ও সীমাবদ্ধতা:
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে সেন্টমার্টিন ভ্রমণে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

  • অনলাইনে টিকিট কেনা বাধ্যতামূলক, প্রতিটি টিকিটে থাকবে কিউআর কোড ও ট্রাভেল পাস।
  • নভেম্বর মাসে দ্বীপে রাত্রিযাপন সম্পূর্ণ নিষিদ্ধ; কেবল দিনের বেলা ভ্রমণ করা যাবে।
  • ডিসেম্বর ও জানুয়ারিতে প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটককে রাত যাপনের সুযোগ দেওয়া হবে।
  • ফেব্রুয়ারিতে পর্যটকদের যাতায়াত সম্পূর্ণ বন্ধ থাকবে।

পরিবেশ রক্ষায় ১২ নির্দেশনা:
সরকার দ্বীপের নাজুক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে ১২টি নির্দেশনা দিয়েছে, যার মধ্যে রয়েছে—

  • রাতে সৈকতে আলো জ্বালানো, শব্দ সৃষ্টি ও বারবিকিউ পার্টি করা নিষিদ্ধ।
  • কেয়াবনে প্রবেশ, কেয়া ফল সংগ্রহ, সামুদ্রিক প্রাণী, প্রবাল ও ঝিনুক সংগ্রহ সম্পূর্ণ নিষিদ্ধ।
  • সৈকতে মোটরসাইকেল, সিবাইকসহ যেকোনো মোটরচালিত যান চলাচল নিষিদ্ধ।
  • একবার ব্যবহার্য প্লাস্টিক ও পলিথিন বহন নিরুৎসাহিত করা হয়েছে; পর্যটকদের নিজস্ব পানির ফ্লাস্ক সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

সরকারি নির্দেশনা বাস্তবায়নে ঘাটে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, এসব বিধিনিষেধের মূল উদ্দেশ্য হলো সেন্টমার্টিনকে “দায়িত্বশীল ও পরিবেশবান্ধব পর্যটনের মডেল” হিসেবে প্রতিষ্ঠা করা।

প্রাথমিকভাবে কক্সবাজারের নুনিয়াছড়ার বিআইডব্লিউটিএ ঘাট থেকে ‘কর্ণফুলী এক্সপ্রেস’ ও ‘বার-আউলিয়া’ নামের দুটি জাহাজ চলার কথা রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।