ঢাকাMonday , 28 September 2026
আজকের সর্বশেষ সবখবর

বেনামি সম্পদের খোঁজে সাবেক এনবিআর সদস্য ও পুলিশ কর্মকর্তা

অপরাধ আজকাল
September 28, 2026 3:42 pm 👁️ 580 বার পড়া হয়েছে
Link Copied!

তিন ইপিজেডে কারখানা, বন্ড কেলেঙ্কারি ও ক্রিপ্টোকারেন্সিতে অর্থপাচার: অনুসন্ধানে দুদক

 

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য এস.এম. হুমায়ুন কবীর এবং তাঁর সহোদর কর্মরত পুলিশ কর্মকর্তা এস.এম. রফিকুল ইসলামের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বন্ড সুবিধার আড়ালে কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মাধ্যমে তিনটি ইপিজেডে বেনামি শিল্পসাম্রাজ্য গড়ে তোলার অভিযোগ উঠেছে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে স্ত্রী ও নিকটাত্মীয়দের নামে গড়ে তোলা এই সিন্ডিকেটের বিরুদ্ধে শুল্কমুক্ত কাঁচামাল খোলাবাজারে বিক্রি, কাস্টমস আপিল ট্রাইব্যুনালে শতকোটি টাকার জরিমানা মওকুফ এবং এনক্রিপ্টেড নেটওয়ার্ক ব্যবহার করে বিটকয়েন ও হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থপাচারের তথ্য-প্রমাণসহ দুর্নীতি দমন কমিশনে (দুদক) একটি বিস্তারিত অভিযোগ জমা পড়েছে। সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে দাখিল করা এই অভিযোগের ভিত্তিতে কমিশন ইতোমধ্যে নথিপত্র যাচাই-বাছাই শুরু করেছে বলে দুদক সূত্রে জানা গেছে।

দুদকে জমা দেওয়া নথিপত্র ও প্রাথমিক অনুসন্ধানে দেখা যায়, ক্ষমতাচ্যুত সরকারের সাবেক প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস-২) গাজী হাফিজুর রহমান লিকুর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ১৩তম বিসিএস (কাস্টমস) ব্যাচের কর্মকর্তা এস.এম. হুমায়ুন কবীর এবং তাঁর ভাই পুলিশ কর্মকর্তা এস.এম. রফিকুল ইসলাম প্রশাসনিক ও রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে পরিবারের সদস্যদের সামনে রেখে একটি বিস্তৃত বাণিজ্যিক সিন্ডিকেট গড়ে তোলেন। সিন্ডিকেটের সুবিধাভোগী হিসেবে হুমায়ুন কবীরের স্ত্রী শামিমা পারভিন ছাড়াও রফিকুল ইসলামের স্ত্রী উম্মে কুলসুম মুনমুন, চাচাতো ভাই শরিফুল শেখ, খালাতো ভাই মো. মাসুম রহমান বাঁধন, বোনের দেবর গোলাম মোস্তফা, বেয়াই গোলাম মোস্তফা সোহেল এবং মামাতো ভাই আশরাফুল আলম সাধনের নাম উঠে এসেছে। সরকারি কর্মচারী আচরণ বিধিমালা লঙ্ঘন করে তাঁদের মাধ্যমে একাধিক শিল্পপ্রতিষ্ঠানের প্রকৃত মালিকানা আড়াল করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই সিন্ডিকেট নারায়ণগঞ্জ, কুমিল্লা ও মোংলা ইপিজেডে তিনটি পৃথক প্রতিষ্ঠান গড়ে তোলে। নারায়ণগঞ্জ ইপিজেডে ‘মিখাইল প্লাস্টোপ্যাক লিমিটেড’-এ আত্মীয়স্বজনদের নামে শেয়ার বণ্টনের মাধ্যমে প্রকৃত মালিকানা গোপন রাখা হয়েছে। কুমিল্লা ইপিজেডের ‘গ্রিন স্টার ইন্টারন্যাশনাল লিমিটেড’ এবং মোংলা ইপিজেডের ‘হানসেং পেপার অ্যান্ড অ্যাকসেসরিজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ও একই কৌশলে পরিচালিত হচ্ছে বলে নথিতে উল্লেখ রয়েছে।

আমদানি-রপ্তানি নথি বিশ্লেষণে দেখা গেছে, এই তিন প্রতিষ্ঠান শুল্কমুক্ত সুবিধায় মোট প্রায় ৪৭ লাখ ৪০ হাজার মার্কিন ডলারের, অর্থাৎ বর্তমান বিনিময় হারে প্রায় ৫৬ কোটি ৮৮ লাখ টাকার কাঁচামাল আমদানি করে। এর মধ্যে ‘মিখাইল প্লাস্টোপ্যাক’ প্রায় ২৮ কোটি ৫৬ লাখ টাকার, ‘গ্রিন স্টার ইন্টারন্যাশনাল’ প্রায় ১৬ কোটি ৮০ লাখ টাকার এবং ‘হানসেং পেপার’ প্রায় ১১ কোটি ৫২ লাখ টাকার পণ্য আমদানি করে। অভিযোগে বলা হয়েছে, এসব কাঁচামাল উৎপাদনে ব্যবহার না করে ভুয়া রপ্তানি নথি তৈরি করে স্থানীয় বাজারে বিক্রি করা হয়। প্রাথমিক হিসাবে কাঁচামালের ৫০ শতাংশ অপব্যবহার এবং ২৫ শতাংশ শুল্কহার বিবেচনায় সরকারের প্রত্যক্ষ রাজস্ব ক্ষতি অন্তত ৭ কোটি ১১ লাখ টাকা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া এনবিআরের সদস্য ও কাস্টমস আপিল ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট থাকাকালে এস.এম. হুমায়ুন কবীরের বিরুদ্ধে শুল্ক ফাঁকিবাজ প্রতিষ্ঠানের জরিমানা কমিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে। ‘ইন্ডিগো স্পিনিং মিলস লিমিটেড’-এর ক্ষেত্রে ১ কোটি ৫ লাখ টাকার জরিমানা কমিয়ে মাত্র ১ লাখ টাকায় নামিয়ে আনার ফলে সরকার প্রায় ১ কোটি ৪ লাখ টাকার রাজস্ব হারায়। একইভাবে সানটেক্স প্রাইভেট লিমিটেড, ফয়সাল এন্টারপ্রাইজ ও আমানত শাহ ফেব্রিক্সসহ একাধিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে শতকোটি টাকার শুল্ক ফাঁকির ঘটনায় প্রভাব খাটিয়ে জরিমানা হ্রাসের তথ্য পাওয়া গেছে।

অনুসন্ধানী নথিতে অর্থপাচারের জটিল কৌশলেরও উল্লেখ রয়েছে। অভিযোগ অনুযায়ী, কাঁচামাল বিক্রির অর্থ ব্যাংকিং চ্যানেলে না এনে হুন্ডি ও ডিজিটাল মুদ্রা, বিশেষ করে বিটকয়েনে রূপান্তর করা হয়। পুলিশ কর্মকর্তা এস.এম. রফিকুল ইসলাম ‘সিগন্যাল’, ‘টেলিগ্রাম’ ও ‘থ্রিমা’র মতো এনক্রিপ্টেড অ্যাপ ব্যবহার করে বিদেশে অবস্থানরত আওয়ামীলীগ নেতাদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বেনামি ওয়ালেটে অর্থ স্থানান্তর করেছেন বলে অভিযোগে বলা হয়েছে।

দুদকে দাখিল করা আবেদনে অভিযুক্তদের স্থাবর ও অস্থাবর সম্পদের পূর্ণাঙ্গ বিবরণী তলব, বেপজা ও কাস্টমস বন্ড কমিশনারেটের মাধ্যমে সংশ্লিষ্ট কারখানাগুলোর বন্ড রেজিস্টার ও ইউটিলাইজেশন ডিক্লারেশন অডিট এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের সহায়তায় ডিজিটাল লেনদেনের ফরেনসিক অনুসন্ধানের দাবি জানানো হয়েছে। দুদকের এক কর্মকর্তা জানান, অভিযোগটি প্রাথমিক যাচাই শেষে স্ক্রুটিনি কমিটির কাছে পাঠানো হয়েছে এবং কমিটির সুপারিশের ভিত্তিতে শিগগিরই আনুষ্ঠানিক অনুসন্ধান শুরু হতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।