ঢাকাSunday , 27 September 2026
আজকের সর্বশেষ সবখবর

পদ্মায় বাসডুবি: নিহতদের পরিবারপ্রতি কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ

অপরাধ আজকাল
March 26, 2026 7:14 pm 👁️ 1,695 বার পড়া হয়েছে
Link Copied!

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় ‘সৌহার্দ্য’ পরিবহনের একটি বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনায় সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহত প্রতিটি পরিবারকে ন্যূনতম ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ প্রদান এবং আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের দাবি জানানো হয়েছে নোটিশে।

বুধবার (২৫ মার্চ) বিকেলে দৌলতদিয়া ৩ নম্বর পন্টুনে ঘটা এই দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে জনস্বার্থে নোটিশটি পাঠিয়েছেন অ্যাডভোকেট নেওয়াজুল আসিফ সাদ, ব্যারিস্টার রাফি জি রহমান ও অ্যাডভোকেট জায়েদ বিন নাসের।


সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, নৌপরিবহন মন্ত্রী, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীদ্বয় এবং সড়ক পরিবহন ও সেতু বিভাগ ও নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিবদের বরাবর নোটিশটি পাঠানো হয়েছে। সময় স্বল্পতার কারণে প্রাথমিক পর্যায়ে ই-মেইলের মাধ্যমে নোটিশটি পাঠানো হয়েছে এবং আগামী কর্মদিবসেই এটি ডাকযোগে সংশ্লিষ্ট দফতরে পৌঁছানো হবে বলে জানিয়েছেন আইনজীবীরা।
নোটিশে উল্লেখ করা হয়েছে, আপাতদৃষ্টিতে এটি দুর্ঘটনা মনে হলেও এর পেছনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, ফেরিঘাট ব্যবস্থাপনা এবং দায়িত্বরত ব্যক্তিদের অবহেলা বা গাফিলতি রয়েছে কি না, তা খতিয়ে দেখা জরুরি। নোটিশে মূলত তিনটি প্রধান দাবি উত্থাপন করা হয়েছে:

১. নিহতদের পরিবারকে ১ কোটি টাকা এবং আহতদের প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান।

২. দুর্ঘটনায় আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করা এবং কর্মক্ষম ব্যক্তিদের পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ।

৩. একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে আগামী ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া।


নোটিশ প্রদানকারী অ্যাডভোকেট নেওয়াজুল আসিফ সাদ বলেন, ‘এটি একটি মর্মান্তিক ঘটনা যা জননিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করে। আমরা জনস্বার্থে এই আইনি পদক্ষেপ নিয়েছি। আগামী ৭ কর্মদিবসের মধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে আমরা পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করব।’

উল্লেখ্য, কুমারখালী-রাজবাড়ী রুটের ‘সৌহার্দ্য’ পরিবহনের বাসটি বুধবার বিকেল সোয়া ৫টার দিকে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে তলিয়ে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ২৬টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।