ঢাকাSunday , 27 September 2026
আজকের সর্বশেষ সবখবর

নতুন সরকারের ১০০ দিনে বেড়েছে হত্যাকাণ্ড, মে মাসেই সর্বোচ্চ ৯৮ ঘটনা

অপরাধ আজকাল
June 3, 2026 7:24 pm 👁️ 1,623 বার পড়া হয়েছে
Link Copied!

নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর প্রথম ১০০ দিনে দেশজুড়ে হত্যাকাণ্ডের উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। জাতীয় ও স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ১৭ ফেব্রুয়ারি থেকে ২৭ মে পর্যন্ত মাত্র ১০০ দিনে অন্তত ২২৯টি হত্যাকাণ্ডে প্রাণ হারিয়েছেন ২৪৯ জন। এসব ঘটনার মধ্যে রয়েছে শিশু হত্যা, নারী হত্যা, পারিবারিক হত্যাকাণ্ড, ধর্ষণের পর হত্যা এবং মাদকসংক্রান্ত সহিংসতা।

সম্প্রতি রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সাত বছর বয়সী রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করার ঘটনা দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করে। এর আগে নওগাঁয় একই পরিবারের চার সদস্য এবং গাজীপুরের কাপাসিয়ায় এক পরিবারের পাঁচ সদস্যকে গলা কেটে হত্যার ঘটনাও ব্যাপক চাঞ্চল্যের জন্ম দেয়।

১০০ দিনে সরকারের অর্জনের পাশাপাশি বড় উদ্বেগ আইন-শৃঙ্খলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর গত ১৭ ফেব্রুয়ারি শপথ নেয় নতুন সরকার। সরকারের ১০০ দিন পূর্ণ হয়েছে ২৭ মে। এই সময়ে বিভিন্ন খাতে নীতিগত ও প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করা হলেও আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন দৃশ্যমান হয়নি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বরং হত্যাকাণ্ডের পরিসংখ্যান উদ্বেগ বাড়িয়েছে।

জাতীয় ও স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ‘হত্যা’, ‘খুন’, ‘ধর্ষণের পর হত্যা’, ‘ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা’সহ বিভিন্ন ঘটনার প্রতিবেদন বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে। আত্মহত্যা ও দুর্ঘটনাজনিত মৃত্যুর ঘটনা এ হিসাবের বাইরে রাখা হয়েছে। ফলে প্রকৃত সংখ্যা আরও বেশি হওয়ার আশঙ্কা রয়েছে।

খুন হওয়া ব্যক্তিদের প্রায় অর্ধেকের বয়স ৩০ বছরের নিচে

তথ্য বিশ্লেষণে দেখা যায়, ১০০ দিনে নিহত ২৪৯ জনের মধ্যে ৫১ জনের বয়স ১৭ বছরের নিচে, যা মোট ভুক্তভোগীর ২০ শতাংশেরও বেশি।

আরও উদ্বেগজনক বিষয় হলো, দুই মাস বয়সী শিশু থেকে ৩০ বছর বয়স পর্যন্ত ১১৫ জন নিহত হয়েছেন, যা মোট ভুক্তভোগীর প্রায় ৪৬ শতাংশ। অর্থাৎ, খুনের শিকারদের প্রায় অর্ধেকই তরুণ ও শিশু।

মাসভিত্তিক বিশ্লেষণে স্পষ্ট ঊর্ধ্বমুখী প্রবণতা

সংগৃহীত তথ্য পর্যালোচনায় দেখা যায়, সময়ের সঙ্গে হত্যাকাণ্ডের সংখ্যা ধারাবাহিকভাবে বেড়েছে।

  • ১৭ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি (১২ দিন): ১৩টি ঘটনায় নিহত ১৪ জন
  • মার্চ: ৪২টি ঘটনায় নিহত ৪৩ জন
  • এপ্রিল: ৮৩টি হত্যাকাণ্ড
  • ১ মে থেকে ২৭ মে: ৯৮টি হত্যাকাণ্ডে শতাধিক প্রাণহানি

এপ্রিল মাসে প্রতিদিন গড়ে প্রায় তিনটি হত্যাকাণ্ড ঘটেছে। ওই মাসের শেষভাগে টাঙ্গাইলের মির্জাপুরে এক নারী ও তার নবজাতকের গলিত লাশ উদ্ধার এবং নওগাঁর নিয়ামতপুরে তিন বছরের শিশুসহ একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যার ঘটনা দেশজুড়ে আলোচনার জন্ম দেয়।

বিশ্লেষকদের মতে, সময়ভিত্তিক তথ্য বিশ্লেষণ বা টেম্পোরাল ফেজিং পদ্ধতিতে পর্যবেক্ষণ করলে দেখা যায়, ফেব্রুয়ারির শেষভাগ থেকে মে মাস পর্যন্ত হত্যাকাণ্ড বৃদ্ধির একটি ধারাবাহিক প্রবণতা স্পষ্টভাবে বিদ্যমান।

ঢাকায় সবচেয়ে বেশি, রংপুর ও বরিশালে সবচেয়ে কম

বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, ঢাকা বিভাগে সর্বাধিক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। গত ১০০ দিনে বিভাগটির বিভিন্ন জেলায় ৮৫টিরও বেশি হত্যার ঘটনা ঘটেছে এবং এতে প্রাণ হারিয়েছেন শতাধিক মানুষ। যা মোট হত্যাকাণ্ডের এক-তৃতীয়াংশেরও বেশি।

রাজধানী ঢাকা ছাড়াও গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জে হত্যার ঘটনা তুলনামূলক বেশি দেখা গেছে।

হত্যার সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম বিভাগ, যেখানে অর্ধশতাধিক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। মোট হত্যাকাণ্ডের প্রায় ২২ শতাংশ ঘটেছে এ বিভাগে।

অন্যদিকে সবচেয়ে কম হত্যাকাণ্ডের খবর পাওয়া গেছে রংপুর ও বরিশাল বিভাগে। দুই বিভাগেই ৯টি করে হত্যার ঘটনা ঘটেছে, যা জাতীয় হিসাবের প্রায় ৪ শতাংশ।

এছাড়া—

  • ময়মনসিংহ বিভাগে ১১টি
  • সিলেট বিভাগে ১৩টি
  • রাজশাহী বিভাগে ২৫টি
  • খুলনা বিভাগে ২৫টি হত্যাকাণ্ডের তথ্য পাওয়া গেছে।

ধর্ষণ, মাদক ও পরকীয়াজনিত বিরোধে প্রাণহানি

হত্যার কারণ বিশ্লেষণে উঠে এসেছে কয়েকটি উদ্বেগজনক প্রবণতা।

  • ২২টি ঘটনায় ধর্ষণের আগে বা পরে ভুক্তভোগীকে হত্যা করা হয়েছে।
  • ২৩টি ঘটনায় মাদকসংশ্লিষ্ট বিরোধ বা মাদকাসক্তির কারণে হত্যার ঘটনা ঘটেছে।
  • ১২টি হত্যাকাণ্ডের পেছনে ছিল পরকীয়া বা বিবাহবহির্ভূত সম্পর্কজনিত বিরোধ।

বিশ্লেষণে আরও দেখা যায়, ১০০ দিনে নিহতদের মধ্যে ৯৩ জনই নারী ও আট বছরের কম বয়সী শিশু, যা মোট ভুক্তভোগীর প্রায় ৩৭ শতাংশ।

বাড়ছে উদ্বেগ, প্রশ্ন নিরাপত্তা নিয়ে

আইন-শৃঙ্খলা বিশ্লেষকদের মতে, শিশু, নারী ও পরিবারের একাধিক সদস্যকে হত্যা করার মতো নৃশংস ঘটনার সংখ্যা বৃদ্ধি সমাজে নিরাপত্তাহীনতার অনুভূতি বাড়াচ্ছে। রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে সংঘটিত এসব হত্যাকাণ্ড আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

নতুন সরকারের প্রথম ১০০ দিনের বিভিন্ন অর্জনের পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হয়ে উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধান, অপরাধীদের দ্রুত বিচার এবং কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ ছাড়া পরিস্থিতির উন্নতি সম্ভব নয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।