ঢাকাSunday , 27 September 2026
আজকের সর্বশেষ সবখবর

পেন কানাডার ‘ভয়েসেস অব ফ্রিডমে’ বাংলাদেশের আবদুল্লাহ আল ইমরান

অপরাধ আজকাল
October 21, 2025 6:56 am 👁️ 1,824 বার পড়া হয়েছে
Link Copied!

কানাডার মর্যাদাপূর্ণ সাহিত্য সংগঠন পেন কানাডার আন্তর্জাতিক রিডিং সিরিজ ‘ভয়েসেস অব ফ্রিডমে’ নির্বাচিত হয়েছেন বাংলাদেশের অনুসন্ধানী সাংবাদিক ও লেখক আবদুল্লাহ আল ইমরান। আগামী ১২ নভেম্বর টরন্টো রেফারেন্স লাইব্রেরির বিটন হলে এটি অনুষ্ঠিত হবে।

পেন কানাডার ‘রাইটার্স ইন এক্সাইল’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের লেখকদের মধ্য থেকে তাদেরই বাছাই করা হয়, যাদের লেখায় সাইস, সৃজনশীলতা ও মতপ্রকাশের স্বাধীনতার সংগ্রাম প্রতিফলিত হয়।

এ বছর বাংলাদেশের আবদুল্লাহ আল ইমরান ছাড়াও নির্বাচিত হয়েছেন ইরানের চলচ্চিত্র নির্মাতা ও লেখক আতেফে খাদেমোলরেজা, তুরস্কের ঔপন্যাসিক ও সম্পাদক ওদের দেলিগোজ এবং ইকুয়েডরের সাংবাদিক ও গণমাধ্যম উদ্যোক্তা আন্দেরসন বসকান। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন মেক্সিকান সাংবাদিক লুইস হোরাসিও নাজেরা।

পেন কানাডা সূত্রে জানা গেছে, ইমরানই প্রথম বাংলাদেশি লেখক যিনি এই মর্যাদাপূর্ণ রিডিং সিরিজে নিজের লেখা পাঠ করার জন্য নির্বাচিত হলেন। আয়োজক সূত্র জানিয়েছে, মাতৃভাষার প্রতি সম্মান জানিয়ে ইমরান নিজের লেখা পাঠ শুরু করবেন বাংলায়, এরপর তিনি পাঠ করবেন তার নির্বাচিত লেখা ‘Living by Writing the Truth’, যেখানে উঠে এসেছে খুলনা থেকে টরন্টো পর্যন্ত তার যাত্রা ও সত্য অনুসন্ধানের গল্প।

আবদুল্লাহ আল ইমরান বাংলাদেশের কথাসাহিত্য ও গণমাধ্যমের পরিচিত মুখ। কাজ করেছেন চ্যানেল টোয়েন্টিফোর ও দৈনিক কালের কণ্ঠে। পরবর্তীতে কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের ইনভেস্টিগেটিভ জার্নালিজম ব্যুরোতে ইন্টার্নশিপ সম্পন্ন করে যোগ দেন দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন সিবিসির ফ্ল্যাগশিপ অনুসন্ধানী অনুষ্ঠান ‘দ্য ফিফথ এস্টেটে’।

দশম বছরে পা রাখা ‘ভয়েসেস অব ফ্রিডম’ কানাডার অন্যতম গুরুত্বপূর্ণ সাহিত্য মঞ্চ, যেখানে সেন্সরশিপ, নির্বাসন বা নিপীড়নের অভিজ্ঞতা নিয়ে কাজ করা লেখক ও গণমাধ্যম কর্মীদের কণ্ঠ বিশ্বের কাছে তুলে ধরা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।